সর্বশেষ

» সাবেক এমপি মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী স্মরণে ফ্রান্সে স্মরণসভা ও দোয়া মাহফিল

প্রকাশিত: ২৯. জুন. ২০২৬ | সোমবার

চেম্বার ডেস্ক: সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য ও বিশিষ্ট ইসলামী ব্যক্তিত্ব মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী–এর স্মরণে ফ্রান্সের প্যারিস শহরে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার প্রবাসী সংগঠন কানাইঘাট ব্রাদারহুড, ফ্রান্স এ আয়োজন করে।
আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জুবায়ের আহমদ জুবেলের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি নেতা ইসলাম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডভোকেট এবাদুর রহমান।
পবিত্র কোরআন তেলাওয়াত ও হাফিজ মঈন উদ্দিনের দারসুল কোরআনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। পরে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর জীবন, কর্ম ও অবদান নিয়ে আলোচনা করেন অনুষ্ঠানে উপস্থিত বক্তারা।
অনুষ্ঠানে সাংবাদিক আবু তাহির দুলাল, বুলবুল আহমেদ, মিফতাহ উদ্দিন, ইকবাল হোসাইন, হাফিজ আব্দুল আলি, কুতুব উদ্দিন, মাহবুবুর রহমানসহ প্রবাসী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন একজন জননন্দিত রাজনীতিবিদ, শিক্ষানুরাগী ও সমাজসেবক। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি এলাকার উন্নয়ন, শিক্ষা বিস্তার এবং ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
বক্তারা তাঁর বর্ণাঢ্য কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে বলেন, একজন সৎ, নিষ্ঠাবান ও আদর্শবান মানুষ হিসেবে তিনি সর্বস্তরের মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অর্জন করেছিলেন। ব্যক্তিগত স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই তাঁর বিনয়, আন্তরিকতা এবং সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতার কথা উল্লেখ করেন। তাঁরা বলেন, তাঁর অবদান শুধু কানাইঘাট-জকিগঞ্জ অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং বৃহত্তর সিলেটের সামাজিক ও শিক্ষাক্ষেত্রেও তিনি স্মরণীয় হয়ে থাকবেন।
সভায় বক্তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর আদর্শ ও কর্মময় জীবন থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষপর্বে মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর রূহের মাগফিরাত, দেশ ও জাতির কল্যাণ এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফিজ এখলাছুর রহমান। স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930