সর্বশেষ

» কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত: ১৭. জুলাই. ২০২৪ | বুধবার

চেম্বার ডেস্ক: শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে বলে উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে।
বুধবার (১৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘শিক্ষার্থীরা না বুঝেই কোটাবিরোধী আন্দোলন করছে। সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছে। সরকার এটি বাতিল করেছে তাদের দাবির পরিপ্রেক্ষিতে, তাদের প্রতি সহানুভূতিশীল হয়ে। গত কয়েকটি বিসিএস পরীক্ষা কোটাবিহীন অনুষ্ঠিত হয়েছে। কোটার ভিত্তিতে নয়, সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত হয়েছে সম্পূর্ণ কোটাবিহীনভাবে।’
‘স্বাধীনতার পর থেকেই কোটা ছিল। স্বাধীনতার আগেও কোটা ছিল। ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, নারী ও জেলা কোটা ছিল। ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পরে মুক্তিযোদ্ধা কোটা ছিল না। যেটি আমাদের সরকার পুনর্বহাল করেছে। বিভিন্ন পর্যায়ের কোটা দেশ স্বাধীনের পর থেকে ছিল।’
যেহেতু কোটা সরকার বাতিল করেছিল, দেশের যে কোনো নাগরিক আদালতে যাওয়ার ক্ষমতা রাখে মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘সে কারণে একজন ব্যক্তি হাইকোর্টে গিয়েছিলেন। হাইকোর্ট রায় দিয়েছেন। সরকার যে কোটা বাতিল করেছিল, সেটি অবৈধ বলে রায় হয়। অর্থাৎ সরকারের বিরুদ্ধে হাইকোর্ট রায় দিয়েছেন, কোটা পুনর্বহালের কথা বলেছেন। হাইকোর্ট রায় দিলো সরকারের বিরুদ্ধে। আবার আন্দোলন করছে সরকারের বিরুদ্ধে।’

হাইকোর্টের এ রায় সুপ্রিম কোর্ট স্থগিত করে দিয়েছেন জানিয়ে মন্ত্রী বলেন, ‘অর্থাৎ সরকার যে কোটা বাদ করে দিয়েছিল, হাইকোর্ট সেই রায় পুনর্বহাল করেছে। বর্তমানে সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী কোটা নেই। এটি জানার পরও যারা আন্দোলন করছে। দুরভিসন্ধিজনকভাবে আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে। সাধারণ ছাত্র-ছাত্রীদের ভুল বুঝিয়ে সেখানে সম্পৃক্ত করছে। এরপর সেখানে বিএনপি-জামায়াত ঢুকেছে। কোটা আন্দোলনে বিএনপি-জামায়াত প্রবেশ করে কর্মসূচি ঠিক করে দিচ্ছে।’

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031