সর্বশেষ

» কানাইঘাটে শাহাব উদ্দিন হত্যা মামলা গ্রেফতারকৃত ৫ আসামী জেল হাজতে

প্রকাশিত: ২১. অক্টোবর. ২০২৬ | বুধবার

কানাইঘাট প্রতিনিধিঃ সিএনজি গাড়ীর সিরিয়াল নিয়ে গত মঙ্গলবার সকালে পূর্ব বিরোধের জের ধরে কানাইঘাটে সিএনজি চালক শাহাব উদ্দিন (৩২) হত্যাকান্ডের মামলায় গ্রেফতারকৃত ৫ আসামীকে বুধবার (২১ অক্টোবর) আদালতে সোপর্দ করেছে থানা পুলিশ। নিহতের ভাই উপজেলার সীমান্তবর্তী ইউনিয়নের সোনাতনপুঞ্জি গ্রামের মৃত মুদরিছ আলীর পুত্র এনাম উদ্দিন বাদী হয়ে তার ভাইকে নির্মমভাবে কুপিয়ে হত্যাকান্ডের ঘটনায় মঙ্গলবার রাতে ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২/৩ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করেন। থানার মামলা নং- ১৩/২৬। গ্রেফতারকৃত আসামীরা হলো একই গ্রামের মুজন আলী এবং তার ৪ পুত্র হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত জাকারিয়া, ইয়াহিয়া, শাহরিয়া ও কিবরিয়া। সিএনজি চালক শাহাব উদ্দিনকে হত্যার পর স্থানীয় এলাকাবাসীর সহায়তায় মঙ্গলবার বিকেলে ইউনিয়নের নূনছড়া চা-বাগানের বাগরা গ্রাম থেকে একটি বাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় জাকারিয়া, সিএনজি চালক ইয়াহিয়া ও শাহারিয়াকে গ্রেফতার করে থানা পুলিশ। এছাড়া মুজন আলী ও তার পুত্র কিবরিয়াকে ঘটনার দিন সকালে গ্রেফতার করা হয়।

কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, সিএনজি গাড়ীর সিরিয়াল নিয়ে সৃষ্ট বিরোধের জের ধরে সিএনজি চালক শাহাব উদ্দিনকে হত্যা করা হয়েছে। ঘটনার সংবাদ পাওয়ার পর পুলিশ সীমান্ত এলাকায় ষাড়াসি অভিযান চালিয়ে স্থানীয় লোকজনদের সহায়তায় হত্যাকান্ডের সাথে জড়িত ৫ আসামীকে গ্রেফতার করা হয়। থানায় ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার আসামীদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ রিমান্ড চাওয়া হবে। মামলার তদন্তে এ হত্যাকান্ডের সাথে অন্য কারো সম্পৃক্ততা থাকলে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানান। এদিকে শাহাব উদ্দিনের লাশের ময়না তদন্তের পর মঙ্গলবার রাতে বাড়িতে নিয়ে আসা হলেও তার ১০ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনরা কান্নায় ভেঙে পড়েন, তারা জানান শাহাব উদ্দিনকে পূর্ব পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। হত্যাকান্ডের আগে খুনিরা কয়েক দফা গোপন বৈঠক করে এতে এলাকার কিছু দুষ্কৃতিকারী লোকজনও জড়িত রয়েছে। খুনি জাকারিয়া সুরইঘাট বাজারে প্রকাশ্যে বলেছে, শাহাব উদ্দিনকে হত্যা করবে, ২ কোটি টাকা খরছ হলে সে করবে। হত্যাকারীদের ফাঁসির দাবী তারা জানান। ঐদিন বাদ এশা শাহাব উদ্দিনের জানাজার নামাজ নিজ গ্রামের জামে মসজিদ প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে এলাকার হাজারো মানুষ শরীক হন। সবাই এ নির্মম হত্যাকান্ডের নিন্দা জানান এবং হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তির দাবী করেন।
মামলার বাদী নিহতের ভাই এনাম উদ্দিন জানান, অনেকের পরিকল্পনা অনুযায়ী তার নিরীহ ভাই শাহাব উদ্দিনকে মঙ্গলবার সকাল ৮টার দিকে সোনাতনপুঞ্জি গ্রামের সামতলা রাস্তার উপর প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। ২ মাস পূর্বে সিএনজি গাড়ীর সিরিয়াল নিয়ে তাকে মামলার আসামী খুনিরা আহত করেছিল। কিন্তু সালিশ বিচারের নামে ঘটনাটি সুরইঘাট বাজার সিএনজি স্ট্যান্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক সমাধান না করায় তার ভাই শাহাব উদ্দিনকে মামলার আসামীরা নির্মম ভাবে হত্যা করেছে। এ হত্যাকান্ডের সাথে আরো যারা জড়িত রয়েছে তাদেরকে তদন্ত পূর্বক আইনের আওতায় আনার জন্য সিলেটের পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031