সর্বশেষ

» ছাতকে সাবেক শিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলার অভিযোগ, নারীসহ আহত ৪

প্রকাশিত: ০৪. নভেম্বর. ২০২৬ | বুধবার

সিলেট প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার শ্যামনগর গ্রামে সাবেক ছাত্রশিবির নেতা ফয়সল আলমের বাড়িতে হামলা ও তাঁর পরিবারের সদস্যদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ফয়সল আলমের মা, চাচি, চাচাতো ভাই ও বোন আহত হয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতা মানিক, আখতার ও নাহিদের বিরুদ্ধে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

পরিবারের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফয়সল আলম বিভিন্ন সময় সমালোচনামূলক পোস্ট দেন। এসব পোস্টকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজনের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। এরই জেরে মঙ্গলবার দুপুরে মানিকের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল ফয়সল আলমের বাড়িতে হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, হামলার সময় ফয়সল আলমের মা, চাচি ও বোন প্রতিবাদ করলে তাঁদের ওপর আক্রমণ করা হয়। এতে ফয়সল আলমের মা সহ পরিবারের কয়েকজন সদস্য আহত হন। পরে প্রতিবেশীরা তাঁদেরকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

ভুক্তভোগী পরিবারের দাবি, হামলার সময় ফয়সল আলমকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করার পাশাপাশি হত্যার হুমকিও দেওয়া হয়। ঘটনার পর থেকে ফয়সল আলম ও তাঁর পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানিয়েছেন তাঁরা।

এ ঘটনায় জড়িতদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।

তবে এ বিষয়ে অভিযুক্ত মানিক, আখতার ও নাহিদের বক্তব্য পাওয়া যায়নি। সংশ্লিষ্ট থানার পুলিশের বক্তব্যও তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30