সর্বশেষ

» কানাইঘাটে যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়ন নিয়ে মতবিনিময় সভা

প্রকাশিত: ২৯. নভেম্বর. ২০২৬ | রবিবার

কানাইঘাট প্রতিনিধি: স্বাস্থ্য ব্যবস্থাপনায় জনসাধারণ ও স্থানীয় সম্প্রদায়ের অংশগ্রহণ নিশ্চিত করা এবং যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্প বাস্তবায়নের সম্ভাব্য প্রস্তুতি নিয়ে সিলেটের কানাইঘাটে স্থানীয় পর্যায়ের স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৯ নভেম্বর) সকালে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. স্বপ্নীল সৌরভ রায়।

সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস, সিলেট বিভাগীয় টিবি কনসালটেন্ট ডা. শহীদ আনোয়ার রুমি, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ বিশ্বজিৎ রায়, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জহিরুল ইসলাম, কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. এস এম ইউলিসিয়ার রহমান, এমওডিসি ডা. মো. আব্দুল্লাহ জুবায়ের, মেডিকেল অফিসার ডা. আবুল হারিছ, এসআইএমও ডা. সুমন বিশ্বাস।

রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মামুন রশীদ, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আমানুর রহমান চৌধুরী, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন,সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, উপজেলা কৃষক দলের সভাপতি আলমাস চৌধুরী, উপজেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কয়ছর রশিদ, উপজেলা বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক আব্দুল আজিজ এবং জেলা যুবদলের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক বদরুল আলমসহ আরো অনেকে।

সভায় যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভি প্রতিরোধে সমন্বিত প্রকল্পের সম্ভাব্য বাস্তবায়ন পরিকল্পনা, কর্মপরিধি ও প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, সংক্রামক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্পৃক্ততা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তর ও অংশীজনদের মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, যক্ষা, ম্যালেরিয়া ও এইচআইভির মতো সংক্রামক রোগ প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। সম্মিলিত উদ্যোগ, সচেতনতা বৃদ্ধি এবং সমন্বিত কার্যক্রমের মাধ্যমে এসব রোগ প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখা সম্ভব।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30