সর্বশেষ

» ছাতকে ছাত্রনেতার বাড়িতে মব হামলা ও অগ্নিসংযোগ: আহত চাচার মৃত্যু

প্রকাশিত: ২২. সেপ্টেম্বর. ২০২৫ | সোমবার

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক থানাধীন পালপুর গ্রামে মঈনপুর জনতা ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমানের বাড়িতে এক ভয়াবহ মব হামলার ঘটনা ঘটেছে। গতকাল ২১ শে সেপ্টেম্বর, ২০২৫ তারিখ রাত ১১ ঘটিকার সময় সংঘটিত এই হামলায় অগ্নিসংযোগ ও ভাঙচুরের পাশাপাশি প্রাণ হারিয়েছেন হাফিজুরের চাচা মোঃ লাইলু মিয়া।

প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন একদল উত্তেজিত জনতা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হাফিজুর রহমানের বাড়িতে চড়াও হয়। হামলাকারীরা হাফিজুরকে খুঁজতে থাকে, কিন্তু তাকে বাড়িতে না পেয়ে বসতঘরে ব্যাপক ভাঙচুর চালায় এবং একপর্যায়ে অগ্নিসংযোগ করে। এতে বাড়ির আসবাবপত্রসহ মূল্যবান মালামাল ভস্মীভূত হয়। বাড়িতে হাফিজুরকে না পেয়ে উপস্থিত পরিবারের সদস্যদের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এসময় হাফিজুরের চাচা মোঃ লাইলু মিয়া বাধা দিতে গেলে তাকে লক্ষ্য করে মারাত্মক আক্রমণ করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের স্বজন মোঃ মজনু মিয়া বাদী হয়ে ছাতক থানায় একটি এজাহার দায়ের করেছেন। ছাতক থানা পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে এবং এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এই ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031