সর্বশেষ

» সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি: এডভোকেট জুবায়ের

প্রকাশিত: ২৫. এপ্রিল. ২০২৬ | শনিবার

চেম্বার ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, সরকার পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতন থেকে শিক্ষা নেয়নি। তাই তারা জুলাই সনদকে উপেক্ষা ও গণভোটের রায় বাতিলের মাধ্যমে ছাত্র-জনতার রক্তের সাথে প্রতারণা করেছে। দেশ পরিচালনায় সরকারের ব্যর্থতা ঢাকতে তারা দেশব্যাপী ছাত্রদলকে সন্ত্রাসের পথে উস্কে দিচ্ছে। জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতে ছাত্রদলকে দিয়ে চট্টগ্রাম, ঈশ্বরদীর পর রাজধানীর শাহবাগ থানায় ঢুকে ডাকসু নেতৃবৃন্দেও উপর নৃশংস হামলা চালানো হয়েছে। এভাবে সরকার পরিকল্পিতভাবে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দায়িত্বশীল বিরোধী দল হিসেবে জামায়াত সকল পরিস্থিতি ধৈর্য্যরে সাথে মোকাবেলা করছে। জামায়াতের সকল স্তরের দায়িত্বশীল ও নেতা-কর্মীদের সতর্কতার সহিত সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে।

তিনি বলেন, জামায়াত মানবতার কল্যাণ সাধনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। বাংলাদেশের সবুজ ভূ-খন্ডে ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণ করতে চায়। পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে আমাদের উপর নির্যাতনের স্টীম রোলার চালিয়েছে। জাতীয় নেতৃবৃন্দ বিচারের নামে প্রহসন চালিয়ে ফাঁসিতে ও কারাগারে নির্যাতন চালিয়ে শহীদ করেছে। শত শত ভাইকে খুন ও গুম করেছে। লাখ লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হয়েছে। কিন্তু আমাদের অগ্রযাত্রা দমিয়ে রাখতে পারেনি। উল্টো আমাদেরকে নিশ্চিহ্ন করতে গিয়ে তারা নিজেরাই দেশ ছেড়ে পালিয়েছে। কারণ আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ইসলামী আন্দোলনে শামিল হয়েছি। নিজেকে দ্বীনের দ্বায়ি হিসেবে গড়ে তুলতে চুড়ান্ত শপথ নিতে হবে। ইসলামী আন্দোলনের জন্য সর্বোচ্চ ত্যাগের প্রস্তুতি নিতে হবে। বিজয়ের মালিক একমাত্র আল্লাহ।

তিনি শুক্রবার সকালে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত দিনব্যাপী বাছাইকৃত কর্মী শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে এবং মহানগর সেক্রেটারী মোঃ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত শিক্ষা শিবিরে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী ও মাওলানা ইসলাম উদ্দিন, মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এডভোকেট জামিল আহমদ রাজু প্রমূখ।

শিক্ষাশিবিরে সিলেট মহানগরী সকল থানা দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া শিক্ষা শিবিরে নগরীর বিভিন্ন শাখার কয়েক শতাধিক কর্মী অংশ নেন।

           

সর্বশেষ

আর্কাইভ

September 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930