সর্বশেষ

» ছাতকে ছাত্রলীগ নেতা সাইমুলের ওপর হামলা ও বাড়িতে ভাঙচুর

প্রকাশিত: ০৭. আগস্ট. ২০২৪ | বুধবার

চেম্বার প্রতিবেদক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় ছাত্রলীগ নেতা মো. সাইমুল হুসাইনের ওপর হামলা ও তার বাড়িতে ব্যাপক ভাঙচুরের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) উপজেলার ছাতক থানাধীন চানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত ৫ আগস্ট সরকার পতনের পরবর্তী পরিস্থিতিতে দেশের বিভিন্ন স্থানের মতো ছাতকেও উত্তেজনা ছড়িয়ে পড়ে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে একদল দুর্বৃত্ত চানপুর গ্রামে ছাত্রলীগ নেতা মো. সাইমুল হুসাইনের ওপর অতর্কিত হামলা চালায়। তাকে মারাত্মক আহত করার পর হামলাকারীরা তার বাড়িতে চড়াও হয়।
হামলাকারীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাইমুল হুসাইনের বসতবাড়িতে প্রবেশ করে আসবাবপত্র, জানালা ও মূল্যবান মালামাল ভাঙচুর করে। এসময় পরিবারের সদস্যদের মধ্যে চরম আতঙ্ক সৃষ্টি হয়।
ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে এই হামলা ও লুটপাট চালানো হয়েছে। হামলায় বাড়ির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হয়েছে। বর্তমানে চানপুর গ্রামসহ আশপাশ এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এলাকার সচেতন নাগরিকরা রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে এই ধরণের হামলা ও ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং দুর্বৃত্তদের হাত থেকে জানমাল রক্ষায় সেনাবাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।
উল্লেখ্য, ৫ আগস্ট সরকার পতনের পর থেকে সুনামগঞ্জের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের লক্ষ্য করে একাধিক হামলার খবর পাওয়া যাচ্ছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031