সর্বশেষ

» সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে সিলেটে “৫ টাকার ইফতার বিতরণ”

প্রকাশিত: ১৭. মার্চ. ২০২৬ | মঙ্গলবার

চেম্বার ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে “সৎ পথের পথিকরা সেবাদানকারী ও মানবকল্যাণ সংগঠন, সিলেট এর উদ্যোগে সিলেট মহানগরীতে ১ম রমজান থেকে ৩০তম রমজান পর্যন্ত ধারাবাহিকভাবে পরিচালিত হয়েছে ব্যতিক্রমধর্মী মানবিক কার্যক্রম “৫ টাকার ইফতার বিতরণ”।

এই কার্যক্রমের আওতায় সিলেট নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট, হাসপাতাল ও জনসমাগমস্থলে প্রতিদিন শত শত রোজাদার, নিম্নআয়ের মানুষ, পথচারী ও সুবিধাবঞ্চিতরা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে মাত্র ৫ টাকায় সম্মানজনকভাবে ইফতার গ্রহণ করেছেন। সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ একসাথে বসে ইফতার করার মাধ্যমে সৃষ্টি হয়েছে এক অনন্য সম্প্রীতি ও সহমর্মিতার পরিবেশ। এর পাশাপাশি ২০ রমজান থেকে শুরু হয় সেহরি বিতরণ কার্যক্রম, যা গভীর রাতেও অসহায় ও মুসাফিরদের মাঝে নিয়মিতভাবে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও এতিমখানায় ইফতার বিতরণ, অসহায় পরিবারের মাঝে ত্রাণ সহায়তা, ঈদ প্যাকেজ বিতরণ এবং ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

সংগঠনের স্বেচ্ছাসেবী, নার্স ও মিডওয়াইফদের সক্রিয় অংশগ্রহণে পুরো মাসব্যাপী এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়। প্রতিকূল আবহাওয়া, বৃষ্টি ও ঝড় উপেক্ষা করেও নিরবচ্ছিন্নভাবে সকল কার্যক্রম চালিয়ে যাওয়া হয়েছে, যা সংগঠনের মানবিক অঙ্গীকার ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, “এই উদ্যোগগুলোর মূল উদ্দেশ্য সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং সম্মানজনকভাবে তাদের সহায়তা করা। আমরা বিশ্বাস করি, মানবিকতা ও সহমর্মিতার এই বার্তা সমাজের সর্বস্তরে ছড়িয়ে পড়বে।”

উল্লেখ্য, এই কার্যক্রমে সমাজের সচেতন নাগরিক, বিভিন্ন পেশাজীবী ও গণমাধ্যমকর্মীরাও অংশগ্রহণ করেন এবং এই ব্যতিক্রমী উদ্যোগের প্রশংসা করেন। সংগঠনটি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

           

সর্বশেষ

আর্কাইভ

October 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031