সর্বশেষ

» কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি: ‘বাস্তব অভিজ্ঞতা শোনা, আসল কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’—এ প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটের কানাইঘাটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, চিকিৎসক, নার্স ও মাঠপর্যায়ে কর্মরত স্বাস্থ্যকর্মীরা অংশগ্রহণ করেন।
র‌্যালি শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. স্বপ্নীল সৌরভ রায়। সভা সঞ্চালনা করেন এমওডিসি ডা. মো. আব্দুল্লাহ জুবায়ের।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রোগ্রাম অফিসার ডা. মোহাম্মদ আমানত উল্লাহ, আবাসিক মেডিকেল অফিসার ডা. এস এম ইউলিসিয়ার রহমান, মেডিকেল অফিসার ডা. মলয় কান্তি ধর, ডা. আবুল হারিছ, ডা. রিপন সরকার এবং কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিনসহ অন্যান্য অতিথিরা।
বক্তারা বলেন, সুস্থ ও সুন্দর জীবনযাপনের জন্য শারীরিক স্বাস্থ্যের পাশাপাশি মানসিক স্বাস্থ্যের প্রতিও সমান গুরুত্ব দেওয়া জরুরি। মানসিক স্বাস্থ্যজনিত সমস্যাকে অবহেলা না করে সময়মতো প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ গ্রহণ করতে হবে। একই সঙ্গে এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা প্রয়োজন।
তাঁরা আরও বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে সমাজে প্রচলিত কুসংস্কার, ভ্রান্ত ধারণা ও নেতিবাচক দৃষ্টিভঙ্গি দূর করতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য সমস্যায় ভোগা ব্যক্তিদের বাস্তব অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পরিবার, সমাজ এবং স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান বক্তারা।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30