সর্বশেষ

» কানাইঘাটে ভারতীয় চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থী গুরুতর আহত

প্রকাশিত: ২৪. নভেম্বর. ২০২৬ | মঙ্গলবার

কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ভারতীয় চোরাইপণ্যবাহী একটি বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় অভিরাজ কুমার রুহন (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের পপুলার হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বাউরভাগ দ্বিতীয় খণ্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, অভিরাজ কুমার রুহন উপজেলার বাউরভাগ দ্বিতীয় খণ্ড গ্রামের দিলীপ কুমারের ছেলে। সে স্থানীয় সুরইঘাট শাহজালাল একাডেমির তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। মঙ্গলবার স্কুল ছুটির পর একটি টমটমযোগে বাড়ি ফিরছিল সে। পথে লাল মসজিদের পাশে পৌঁছালে সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি এলাকা থেকে আসা ভারতীয় চোরাইপণ্যবাহী একটি টাটা পিকআপ বেপরোয়া গতিতে টমটমটিকে ধাক্কা দেয়। এতে অভিরাজসহ টমটমের কয়েকজন যাত্রী আহত হন।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় অভিরাজকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তার মাথায় গুরুতর আঘাত থাকায় কর্তব্যরত চিকিৎসক তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরবর্তীতে অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট শহরের পপুলার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়।
আহত শিক্ষার্থীর বাবা ও উপজেলা এনসিপির সাধারণ সম্পাদক দিলীপ কুমার জানান, তার ছেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য পপুলার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে।
এদিকে স্থানীয়দের অভিযোগ, সীমান্তবর্তী এলাকা থেকে ভারতীয় চোরাইপণ্য বহনকারী বেপরোয়া গতির যানবাহন চলাচলের কারণে এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব যানবাহনের ধাক্কায় ইতিপূর্বে বেশ কয়েকজন আহত হয়েছেন এবং তাঁদের মধ্যে দুজনের মৃত্যুর ঘটনাও ঘটেছে বলে দাবি করেছেন স্থানীয়রা।
এলাকাবাসী এসব বেপরোয়া যানবাহনের চলাচল নিয়ন্ত্রণ এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

           

সর্বশেষ

আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30